চিকিৎসাশাস্ত্রে স্নাতক স্তরে ভর্তির জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা সংক্রান্ত অস্থায়ী উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু করল জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)। গত ২১ জুন, রবিবার দুপুর ২টো থেকে বিকেল সওয়া ৫টা পর্যন্ত এই পুনঃপরীক্ষা নেওয়া হয়েছিল। সংস্থার তরফে ২৫ জুন প্রকাশিত এক জনবিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে গোটা প্রক্রিয়াটি।
কেন এবার আগেভাগেই সুযোগ
সাধারণত OMR শিট স্ক্যানিংয়ের কাজ শেষ হওয়ার পরেই উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়। তবে এ বছর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। OMR স্ক্যানিংয়ের কাজ চলাকালীনই অস্থায়ী উত্তরপত্র প্রকাশের সঙ্গে সঙ্গে আপত্তি জানানোর প্রক্রিয়া চালু করা হয়েছে। সংস্থার দাবি, স্বচ্ছতা বজায় রাখা এবং যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশের লক্ষ্যেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞদের পর্যালোচনা স্ক্যানিংয়ের সঙ্গে সমান্তরালভাবে চলায় ফল প্রকাশে বাড়তি দেরি এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
কোন প্রশ্নে আপত্তি, কত খরচ
চারটি সেটের সব প্রশ্নপত্র এবং সংশ্লিষ্ট অস্থায়ী উত্তরপত্র NTA-র ওয়েবসাইট এবং নিটের পৃথক পোর্টালে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন, তবে তার জন্য প্রশ্নপিছু দিতে হবে ২০০ টাকা প্রক্রিয়াকরণ মূল্য। আপত্তি গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে সেই টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ জুন থেকে, চলবে ২৮ জুন রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই অনলাইনে ফি জমা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। নির্ধারিত সময়ের পরে জমা পড়া কোনও আপত্তি গ্রহণ করা হবে না।
কোন নিয়মগুলি মাথায় রাখতে হবে
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষার্থীদের শুধুমাত্র নিজেদের প্রশ্নপত্রের সিরিজ় কোড অনুযায়ীই আপত্তি জানাতে হবে— পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি নিয়ে যাওয়া প্রশ্নপত্রের প্রচ্ছদে এই কোড ছাপা থাকে। কোনও একটি প্রশ্নে আপত্তি বিশেষজ্ঞ প্যানেলের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে, সেই সংশোধনী চারটি সেটের সব পরীক্ষার্থীর ক্ষেত্রেই এক ভাবে প্রযোজ্য হবে। ফলে একই প্রশ্নের বিরুদ্ধে আলাদা আলাদা সিরিজ় কোডে বারবার আপত্তি জানানোর প্রয়োজন নেই।
আরও জানানো হয়েছে, আপত্তি জানানো যাবে একবারই এবং তা চূড়ান্ত— জমা দেওয়ার পরে তাতে কোনও সংযোজন বা পরিবর্তনের সুযোগ থাকবে না। এ ছাড়া, অনলাইন মাধ্যম ছাড়া ইমেল, ফ্যাক্স বা চিঠির মাধ্যমে পাঠানো কোনও আপত্তি গ্রহণযোগ্য হবে না, এবং ফি ছাড়া জমা দেওয়া আপত্তিও বিবেচিত হবে না।
OMR শিট এখনই মিলছে না
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এই পর্যায়ে ব্যক্তিগত স্ক্যান করা ওএমআর উত্তরপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হচ্ছে না, কারণ স্ক্যানিংয়ের কাজ তখনও চলছে। স্ক্যানিং সম্পূর্ণ হওয়ার পরে পরীক্ষার্থীদের নিজেদের উত্তরপত্র দেখার জন্য পৃথক সুযোগ দেওয়া হবে, প্রচলিত প্রক্রিয়া অনুযায়ীই।
এর পরে কী
বিশেষজ্ঞ প্যানেলের যাচাইয়ের পরে যে আপত্তিগুলি গ্রহণযোগ্য বলে প্রমাণিত হবে, তার ভিত্তিতে সংশোধিত চূড়ান্ত উত্তরপত্র তৈরি করে তা প্রকাশ করা হবে ওয়েবসাইটে। এই চূড়ান্ত উত্তরপত্রের ভিত্তিতেই ওএমআর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল তৈরি হবে। প্রতিটি আপত্তির ব্যাপারে পৃথকভাবে পরীক্ষার্থীদের জানানো হবে না, তবে সংশোধিত উত্তরপত্র প্রকাশিত হওয়ার পরে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। চ্যালেঞ্জ উইন্ডো বন্ধ হওয়ার পরে উত্তরপত্র বা ফল সংক্রান্ত কোনও অভিযোগ গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থা।
কোনও প্রয়োজনে পরীক্ষার্থীরা এনটিএ-র হেল্পলাইন নম্বর অথবা ই-মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। নিয়মিত আপডেটের জন্য এনটিএ এবং নিটের ওয়েবসাইট নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
সৌজন্যে: জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ)

