Tuesday, August 18, 2026

দেশের অন্যতম বৃহৎ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026 বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে দিল্লিতে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা।

NTA সূত্রে জানা গিয়েছে, ৩ মে অনুষ্ঠিত NEET UG 2026 পরীক্ষায় বড় ধরনের প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। তদন্তে উঠে আসে যে পরীক্ষার আগে ছড়িয়ে পড়া তথাকথিত “গেস পেপার”-এর বহু প্রশ্ন আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে। এরপরই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং শেষ পর্যন্ত পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফের হবে পরীক্ষা

NTA জানিয়েছে, NEET UG 2026 নতুন করে নেওয়া হবে। পরীক্ষার নতুন দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং অতিরিক্ত কোনও ফি-ও নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

দিল্লিতে বিক্ষোভ

পরীক্ষা বাতিলের ঘোষণার পরই দিল্লির শাস্ত্রী ভবনের বাইরে বিক্ষোভ শুরু হয়। NSUI-সহ একাধিক ছাত্র সংগঠন NTA-র বিরুদ্ধে স্লোগান তোলে এবং পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

CBI তদন্তের নির্দেশ

ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যে প্রশ্নফাঁস চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থান-সহ একাধিক জায়গায় তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।

অনিশ্চয়তায় লক্ষ লক্ষ পড়ুয়া

এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ মেডিক্যাল পরীক্ষার্থী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর হঠাৎ পরীক্ষা বাতিল হওয়ায় মানসিক চাপ বেড়েছে বহু ছাত্রছাত্রীর মধ্যে। সামাজিক মাধ্যমেও ক্ষোভ উগরে দিয়েছেন পরীক্ষার্থীরা।

Leave A Reply

Exit mobile version